ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ৯ জুলাই ২০২২
চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের
কুমিল্লায় সড়ক দুর্ঘটনা কবলিত এলাকা। ছবি: সংগৃহীত

গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা ও বগুড়ায় শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। কুমিল্লায় শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেকিনগর গ্রামে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন বেকিনগরের আব্দুল হকের ছেলে রাসেল ও শরিফুল ইসলাম এবং শাহজালালের ছেলে তাশফি আহমেদ।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মোস্তফা কামাল জানান, সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কে শনিবার ভোরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। চেওরাইট ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

Advertisement

আহতদের মধ্যে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নাল্লা বাজারে শুক্রবার রাতে বাসের ধাক্কায় দুই ভাইবোনসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জামালপুর জেলার সদর উপজেলার রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও মৃদুল , বজলু মিয়ার ছেলে হাসান ও ভ্যানচালক বাবুল কর্মকার।

ধনবাড়ী থানার এএসআই আশিকুজ্জামান জানান, জামালপুর থেকে ঢাকাগামী বাসটি তিন চাকার ভ্যানে ধাক্কা দিলে ভ্যান চালক ও আরোহী সাইফুল ঘটনাস্থলেই মারা যান এবং অপর দু’জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের একজনকে মৃত ঘোষণা করেন। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় অন্য একজনের মৃত্যু হয়।

বগুড়ায় শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে দ্রুতগামী বাসের ধাক্কায় ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত সাকিব হাসান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বগুড়ার (আইআইটিবি) ছাত্র এবং রফিকুল ইসলামের ছেলে।

শাহজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি সাকিবের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. একেএম বানিউল আলম বলেন, নিহত সাকিব মোটরসাইকেলটির আরোহী ছিলেন আর তার বন্ধু সানি আহমেদ পিলিয়ন এটি চালাচ্ছিলেন। ধাক্কায় দু’জনেই বাইক থেকে পড়ে যান। কিন্তু সাকিব ওঠার আগেই তাকে যাত্রীবাহী বাস চাপা দেয়।’

তিনি আরো বলেন, বাসটি উদ্ধার করেছি এবং লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!