ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৪৮, ২১ জুলাই ২০২২
ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। এর আগে রাত ৮টার দিকে উপজেলার ৮ নম্বর চর এলাহী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খালপাড় থেকে তাদের আটক করেন স্থানীয়রা।  

আটক রোহিঙ্গারা হলো- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭ নম্বর ক্লাস্টারের মো. ইসহাক (৮০), তার স্ত্রী ছকিনা খাতুন (৬৫), ৮ নম্বর ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪ নম্বর ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর করিম (৩), নূর কায়দা (১), ৫৯ নম্বর ক্লাস্টারের জুবায়ের হোসেন (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মো. জানায়েত (৮), আমেনা বেগম (৬), খালিমা সাহরি (১৮ মাস), ৫৮ নম্বর ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪), মো. আমিন (২২), ৬৯ নম্বর ক্লাস্টারের মো. কালিম (২০), রিফা মনি (৪ মাস), ৭৩ নম্বর ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনে হোসেন (২)।

Advertisement

স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টার দিকে ফুল মিয়া চেয়ারম্যান বাজারসংলগ্ন খালপাড় এলাকায় নারী, শিশুসহ বেশ কয়েকজন ঘোরাফেরা করছিলেন। তাদের দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা রোহিঙ্গা এবং ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালের মাধ্যমে নদীপথে পালিয়ে এসেছেন বলে স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে চর বালুয়া পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ এসে রোহিঙ্গাদের ক্যাম্পে নিয়ে যায়।

চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রমজান আলী বলেন, আটক রোহিঙ্গাদের পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!