গৃহবধূর অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক গৃহবধূকে নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মোরশেদ আলম রুবেল উপজেলার সোনাইমুড়ী পৌরসভার আটিয়াবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে সোনাইমুড়ীর পৌরসভার আটিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম বলেন, আসামি রুবেলের সঙ্গে পাঁচ মাস আগে ওই গৃহবধূর মুঠোফোনে পরিচয় হয়। পরে আসামি রুবেল সুকৌশলে চৌমুহনী থ্রি স্টার হোটেলে এনে ওই নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক করে এবং গোপনে নগ্ন ভিডিও ধারণ করে নেয়। পরবর্তীতে নগ্ন ভিডিও মুঠোফোনে পাঠিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূর কাছ থেকে বিভিন্ন সময়ে ৮৫ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন ও ১ জোড়া কানের দুল হাতিয়ে নেয়।
.png)
ওসি আরো জানান, এরপর আরো টাকা দেওয়ার জন্য গৃহবধূকে চাপ দিতে থাকে। এতে গৃহবধূ পুলিশ সুপার নোয়াখালীর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে আসামি রুবেলকে হাতিয়ে নেওয়া ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া কানের দুল ও ভিডিও ধারণ করা আসামির মোবাইল ফোনসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।