ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়তি দামে ফ্যান বিক্রি করায় জরিমানা ৫৫ হাজার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ২৫ জুলাই ২০২২
বাড়তি দামে ফ্যান বিক্রি করায় জরিমানা ৫৫ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

বাড়তি দামে চার্জার ফ্যান বিক্রির দায়ে রাজশাহী নগরীর ওয়ালটনের দুটি শো-রুমসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়।

সোমবার (২৫ জুলাই) দুপুরে নগরজুড়ে এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি জানান, সোমবার তারা নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকিতে গিয়েছিলেন। এ সময় নগরীর সাহেব বাজার এলাকার ওয়ালটন বিক্রয়কেন্দ্রে অভিযান চালান। সেখানে বাড়তি দামে বৈদ্যুতিক শেভিং মেশিন বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এই অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওয়ালটনের সিএন্ডবি মোড়ের বিক্রয় কেন্দ্রকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বাড়তি দামে চার্জার ফ্যান বিক্রি করছিল। একই কাণ্ডে নগরীর রেলগেইট এলাকার এমআর ইলেক্ট্রনিক্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, মূল্য কারসাজির অভিযোগে এই তিন প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইনে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। জনস্বার্থে নগরজুড়ে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন হাসান-আল-মারুফ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!