হত্যা মামলার হাজিরা দিয়ে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে খুন
কক্সবাজারের পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে জাফর আলম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার (২৫ জুলাই) রাতে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলা এলাকার বাদামতলী স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত জাফর আলম ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার জাফর আলম চকরিয়ায় আদালতে একটি হত্যা মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ছনখোলা বাদামতলী স্টেশনে পৌঁছালে ওৎ পেতে থাকা তার প্রতিপক্ষের ৭/৮ জন সন্ত্রাসী জাফরকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তৌহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।
.png)
নিহত জাফর আলমের স্ত্রী জ্যোৎস্না আক্তার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে এরআগে দুই গ্রুপের মধ্যে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত জাফরের দুই ছেলে জাহাঙ্গীর ও আলমগীর হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে জেলে রয়েছেন। নিহত জাফরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, জমি ও বনজ সম্পদ দখলের ৬টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।