অস্ত্র মামলায় ছিনতাইকারীর ১৭ বছরের কারাদণ্ড
কক্সবাজারে অস্ত্র মামলায় মো. জাফর নামে ৪০ বছর বয়সী এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। জাফর জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়ার জালাল আহমদের ছেলে।
আদালতের সহকারী পিপি জিয়া উদ্দিন আহমদ জানান, ২০০০ সালের ১৭ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকা থেকে সপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন আকবর হোসেন। কক্সবাজারের হিলটপ সার্কিট হাউজের দক্ষিণ পাশে পৌঁছালে তাদের গতিরোধ করে ছিনতাইকারী দল। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ভিডিও ক্যামেরা, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে নিয়ে যান।
.png)
এ ঘটনায় পাশের জঙ্গলে অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার, তিন রাউন্ড গুলিসহ জাফরকে আটক করে পুলিশ। পরে তার মুখে লুকিয়ে রাখা পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাই করা একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। একই দিন তার বিরুদ্ধে মামলা করেন কক্সবাজার সদর থানার এএসআই হারুন অর রশিদ।
পরে জাফরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। মামলাটি স্পেশাল ট্রাইব্যুনাল-৩ নম্বর আদালতে পাঠানো হলে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বিচারক। মামলায় সাতজনের সাক্ষ্যপ্রমাণে তাকে একাধিক ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেন বিচারক।