[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
জেলা জজ আদালত, কুষ্টিয়া
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় মো. সুজন নামে ২৫ বছর বয়সী এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সুজন দৌলতপুর উপজেলার আলী নগর গ্রামের শাহারুল মণ্ডলের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে গৃহবধূ ও তার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি অন্যের বাড়িতে তামাকের ঘর ল্যাপার কাজে গিয়েছিলেন। এ সুযোগে তার ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে সুজন। মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ২০১৯ সালের ২ জানুয়ারি সুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় মামলা করা হয়।
.png)
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই তানভির কবির। দীর্ঘ শুনানি শেষে রোববার এ রায় দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!