ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মন চাইলেই’ মানুষ পেটান ইউপি সদস্য

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ২ আগস্ট ২০২২
‘মন চাইলেই’ মানুষ পেটান ইউপি সদস্য
ভিডিও থেকে ছবিটি নেয়া

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে মারধরের সময় ভিডিও করায় আরেকজনকে পেটানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিকেবাড়ি এলাকায় ঘটনাটি ঘটলেও সোমবার থেকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। অভিযুক্তের নাম সাদেকুল হক।

২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্যের মার খেয়ে মাটিতে বসে পড়েছেন এক যুবক। সেই অবস্থাতেও ইউপি সদস্য লাঠি দিয়ে তাকে পেটাচ্ছেন আর অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। ইউপি সদস্য বারবার তাকে বলছেন- ‘ভিডিও করলি কেন’ ওই ভিডিওতে ঘটনাস্থলে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে কেউ এগিয়ে যাননি।

Advertisement

স্থানীয়রা জানায়, ছোটখাটো নানা বিষয়ে যখন যাকে খুশি মারধর করেন ইউপি সদস্য সাদেকুল। মন চাইলেই বিচার-সালিশের নাম করে মানুষ পেটান তিনি। শুক্রবার বিকেলে চুরির অভিযোগে এক যুবককেও মারধর করেন। সেই মারধরের ভিডিও করছিলেন পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক। পরে প্রথমজনকে বাদ দিয়ে ভিডিও করতে থাকা যুবককে লাঠি দিয়ে পেটাতে থাকেন ইউপি সদস্য সাদেকুল।

ইউপি সদস্য সাদেকুল হক বলেন, আমি একটা চোরের বিচার করছিলাম। এ পর্যন্ত সাতবার চুরি করেছে। আমার কাছে ধরাও পড়েছে। চুরি করার অভিযোগে তাকে পিটিয়ে শাস্তি দেওয়ার সময় পাশ থেকে ওই ছেলে ভিডিও করছিল। এজন্য তাকেও পেটানো হয়েছে।

ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুসল্লী বলেন, বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!