ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই অটোরিকশা ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল জনতা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ৩ আগস্ট ২০২২
দুই অটোরিকশা ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল জনতা
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা ছিনতাই করে চলে যাওয়ার সময় চালকের ডাকচিৎকারে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার শেরপুর ইউপির টিক্কারচর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন, নান্দাইল উপজেলার পৌরসদরের দশালিয়া গ্রামের আ. রাশিদের ছেলে আশরাফুল ও উপজেলার শেরপুর ইউপির চকপাড়া গ্রামের মোসলেমের ছেলে দ্বীন ইসলাম।

Advertisement

স্থানীয়রা জানান, আরাফাত নামের এক কিশোর অটোরিকশা চালককে দুই ছিনতাইকারী নান্দাইল সদর থেকে রিজার্ভ ভাড়া করে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে নিয়ে যায়। সেখানে তারা না নেমে ছেলেটিকে জাহাঙ্গীরপুর ইউপির সিডস্টোর বাজার হয়ে আবারো শেরপুর ইউপির টিক্কারচর বাজার এলাকায় নিয়ে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, এই সুযোগে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে চলে যায়। 

আরাফাত নদী থেকে উঠে দৌড়ে স্থানীয় টিক্কারচর বাজারে গিয়ে কান্নাকাটি করে বিষয়টি স্থানীয়দের জানায়। তারা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার দিকে নিয়ে যেতে থাকা অটোরিকশা ধরতে বিভিন্ন এলাকার লোকদের ফোনে যোগাযোগ করে। 

স্থানীয় সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন বলেন, কালিয়ান বাজার ব্রিজের ওপর বসাছিলাম, আমার সামনে দিয়ে অটোরিকশা দুটো নিয়ে গেছে। কিন্তু আমি তো ঘটনা জানতাম না। আমাকে একজন ফোন দিলে, গ্রামের কয়েকজনকে ফোন দেই। তখন তারা হোসেনপুর উপজেলার বিন্না নামক স্থানে দুটি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে আটক করলে আমরা তাদের সেখান থেকে ধরে এনে পুলিশে খবর দেই। 

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, আমরা ভোর ৫ টার দিকে ছিনতাই করে দুটি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে থানায় নিয়ে এসেছি। নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!