মেয়রের পিএসকে অপহরণের চেষ্টা, গ্রেফতার ৫
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার মেয়রের ব্যক্তিগত সহকারীকে (পিএস) অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি আব্দুর রহিম।
গ্রেফতাররা হলেন- মো. আলী আকবর, শহিদুল ইসলাম শাহীন, মো. রবিন, মো. আরাফাত ও মো. মিনহাজ।
.png)
জানা গেছে, শনিবার দুর্গাপুর পৌরসভার মেয়রের পরিবার ও এলাকার লোকজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যান মেয়রের ব্যক্তিগত সহকারী মো. সাগর খান। ভ্রমণ শেষে বুধবার নেত্রকোণা ফেরার পথে চট্টগ্রাম নগরের তুলাতলী মোড় এলাকায় সাগর খানকে অপহরণের চেষ্টা করেন একদল যুবক। ওই সময় সাগরের চিৎকারে গাড়িতে থাকা অন্যরা এগিয়ে গিয়ে একজনকে আটক করেন।
ওসি আব্দুর রহিম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা অভিযোগের বিষয়ে বাসের অন্যান্য যাত্রীদের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন। বৃহস্পতিবার ওই ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী সাগর খান। এরপরই নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় ১০-১২ জন ছিল। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।