ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বহুতল ভবনের ফাইলিং স্ট্যান্ড ভেঙে দুই পথচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৬ আগস্ট ২০২২
বহুতল ভবনের ফাইলিং স্ট্যান্ড ভেঙে দুই পথচারী নিহত
চকরিয়া থানা। ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের ফাইলিং স্ট্যান্ড ভেঙে দুই পথচারী নিহত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউপির খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

নিহতরা হলেন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপির গাবতলী বাজার সংলগ্ন কিসমত পাড়ার মৃত লাল মিয়ার ছেলে সুলতান আহমদ (৫০) এবং একই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দু শুক্কুর (৫৫)।

ইউপি চেয়ারম্যান বলেন, গত কিছুদিন আগে চকরিয়ার ফাঁসিখালী ইউপির খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন ভবন নির্মাণে ফাইলিংয়ের কাজ চালাচ্ছে।

শনিবার বিকেলে ফাইলিংয়ের কাজ করার সময় স্থানীয় কিছু উৎসুক জনতা জড়ো হয়ে নির্মাণকাজ দেখছিল। এক পর্যায়ে ফাইলিংয়ের কাজে ব্যবহৃত স্ট্যান্ড ভেঙে উৎসুক জনতার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত দুইজন গুরুতর আহত হন।

ইউপি চেয়ারম্যান হেলাল আরো বলেন,  স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। 

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার খবর শুনে হাসপাতাল থেকে পুলিশ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!