কাতার প্রবাসী ওহিদুল বাড়ি ফিরলেন তবে কফিনবন্দি হয়ে
চলছিলো ছুটিতে বাড়িতে আসার প্রস্তুতি, কিন্তু বাড়িতে ফিরলেন তবে কফিনবন্দি হয়ে। বুধবার সকালে ওহিদুলের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছলে শোকে স্তব্ধ হয়ে উঠেন এলাকাবাসী। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস।
মধ্যপ্রাচ্যের কাতারে গত ৪ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর ফুলগাজী উপজেলার ওহিদুলের জানাজা বুধবার বেলা ৩টায় দেড়পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। ছোটবেলা থেকেই ওহিদুল ভদ্র স্বভাবের ও অত্যন্ত ধার্মিক হওয়ায় তার জানাজায় মুসল্লিদের ঢল নামে।
নিহত ওহিদুল ফুলগাজী সদর ইউপির দেড়পাড়া গ্রামের সফিকুর রহমানের দ্বিতীয় ছেলে। তিনি দুই সন্তানের জনক। জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
.png)
পারিবারিক জীবনে সচ্ছলতা ফেরাতে ৫ বছর আগে ওহিদুল কাতারে পাড়ি জমান। দীর্ঘদিন সেখানে থাকার পর চলতি আগস্ট মাসেই ছুটিতে তার বাড়ি ফেরার কথা ছিল। বাড়ি ফেরার জন্য আর্থিক ও মানসিক প্রস্তুতি চলছিল। গত ৪ আগস্ট সকালে সেখানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
জানাজায় ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, সদর ইউপির স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম তুহিন, আবুল হাসেম রিপন, নিহত ওহিদুলের বাবা সফিকুর রহমান, বড় ভাই শহীদ উল্ল্যাহ সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।