ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, কথিত মামা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ১৪ আগস্ট ২০২২
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, কথিত মামা গ্রেফতার
গ্রেফতার নুর ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাক্‌প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ মামলায় নুর ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ায় ওই কিশোরীর মামা মামলাটি করেন।


শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনারায় ইউপির ছাইতানতোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত মো. নুর ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের (পূর্ব বাইপাস) মৃত আকবর আলীর ছেলে। নুর ইসলাম সম্পর্কে ওই প্রতিবন্ধীর দূরসম্পর্কের মামা হন। 

জানা যায়, ওই কিশোরী ও তার বাবা-মা তিনজনেই প্রতিবন্ধী। ভূমিহীন বাবার নিজস্ব কোনো জমি না থাকায় নানার দেওয়া ১ শতাংশ জমিতে তাদের বসবাস। গত ১৫ বছর আগে প্রতিবন্ধী কিশোরীর বাবা মারা যান। সংসারের হাল ধরেন প্রতিবন্ধী মা। ভিক্ষাবৃত্তি করে সংসার চালান তিনি। অনেক সময় প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে একা রেখে গ্রামে-গ্রামে যেতেন মা। এ সুযোগে ওই কিশোরীকে তারই প্রতিবেশী মো. নুর ইসলাম একাধিকবার ধর্ষণ করেন।

Advertisement

পরে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা যায়। এতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে ওই কিশোরীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এরপর আলট্রাসনোগ্রাফি রিপোর্টে জানা যায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা। এরপর বিষয়টি সমাধানে একাধিকবার গ্রাম্য সালিশি বৈঠকও হয়। এতে সমাধান না হওয়ায় পরে ওই কিশোরীর আপন মামা শফিকুল ইসলাম চলতি বছরের ১৫ জানুয়ারি থানায় মামলা করেন। তবে মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। পরে ২১ মে ওই কিশোরী একটি ছেলে সন্তানের জন্ম দেন।

থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!