ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘টেনশন গ্রুপ’ এর অস্ত্র চালানোর ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ১৫ আগস্ট ২০২২
‘টেনশন গ্রুপ’ এর অস্ত্র চালানোর ভিডিও ভাইরাল
ছবি : ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের অস্ত্র চালানোর ভিডিওসহ তাদের কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ভিডিওগুলোতে দেখা যায়, টেনশন গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্ত পিস্তল ও গুলি নিয়ে গানের সঙ্গে নাচানাচি করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, তারা কয়েকজন মিলে এক যুবককে নির্যাতন করছে।

Advertisement

এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে টেনশন গ্রুপের প্রধান সীমান্তসহ ওই গ্রুপের সাত সদস্যকে আটক করে র‍্যাব-১১। পরদিন র‍্যাব-১১ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করে।

তখন তাদের তল্লাশি করে একটি ছোরা, দুটি চাকু, দুটি লোহা ও স্টিলের পাইপ উদ্ধার করলেও কোনো পিস্তল উদ্ধার করা হয়নি।

জানা যায়, তারা এখনো জামিনে বেরিয়ে আসতে পারেনি। তবে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর এইসব অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। তা না হলে তারা জামিনে বেরিয়ে এসে এসব অস্ত্র নিয়ে আবারো জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে মামলাটির তদন্তাধীন কর্মকর্তা (আইও) এসআই মোখলেসুর রহমান  বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ সপ্তাহেই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। তারা বর্তমানে জেলহাজতে আছেন বলে জানান তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র চালানোর ভিডিওটি আমরা হাতে পেয়েছে। আমরা খুব শীঘ্রই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করবাে।

র‍্যাব-১১'র অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আবারো অভিযান পরিচালনা করে এইসব অবৈধ অস্ত্র উদ্ধার করব।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!