দম্পতিকে শৌচাগারে আটকে রাখায় আত্মহত্যার চেষ্টা
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে এক ব্যবসায়ী দম্পতিকে শৌচাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে অপমানিত হয়ে শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন মো. আমজাদ হোসেন। এ সময় আমজাদের স্ত্রীর চিৎকার করলে অন্যরা এসে দরজা খুলে তাদের উদ্ধার করেন।
মঙ্গলবার বিকেলে ঐ দম্পতিকে উদ্ধার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর আগে, ঐদিন দুপুরে উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে ঐ দম্পতিকে আটকে রাখা হয়।
জানা যায়, আমজাদের মা আয়েশা খাতুন ও মেয়ে লিপি আক্তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান তাদের পরিষদে ডেকে আনেন। এরপর চেয়ারম্যান তাদের শৌচাগারে আটকে রাখতে নির্দেশ দেন।
.png)
হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ বলেন, আমাদের বিরুদ্ধে দাদি-নাতনি মলে মিথ্যা অভিযোগ দিয়েছে। চেয়ারম্যান তাদের কথা শুনে আমাদের শৌচাগারে আটকে রাখেন। এ লজ্জায় নিজেকে শেষ করে দিতে চেয়েছি।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, ঐ দম্পতিকে শৌচাগারে আটকে রাখা হয়নি। তাদের বিরুদ্ধে দাদি-নাতনি নির্যাতনের অভিযোগ দিয়েছেন। ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় তাদের পুলিশে দেওয়ার কথা বলে হয়েছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক বলেন, এ বিষয় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, দম্পতিকে শৌচাগারে আটকে রাখার ঘটনা দুঃখজনক। এটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।