কালো বাজারে সার বিক্রি, ডিলারসহ দুইজন গ্রেফতার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাতের অন্ধকারে সরকারি বিএডিসির ইউরিয়া সার কালো বাজারে বিক্রি ও পাচার করে দেওয়ার সময় ডিলারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নরোত্তমপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ফলহারি গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে ডিলার দেলোয়ার হোসেন মিলন ও একই গ্রামের পিকআপ চালক গিয়াস উদ্দিন।
রোববার দুপুর ২টার দিকে ২ আসামিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত ২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
.png)
এর আগে, গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাওলানা বাজার এলাকা থেকে পিকআপভর্তি ২ হাজার ২৫০ কেজি বিডিএস ইউরিয়া সার উদ্ধার করা হয়।
নরোত্তমপুর ইউপির করম বক্স বাজারের সারের সাব ডিলার শহীদুল ইসলাম বলেন, ডিলার মিলন ২ হাজার ২৫০ কেজি সার রাতের অন্ধকারে করম বক্স বাজারের গুদাম থেকে বেগমগঞ্জ উপজেলার মুন্সিরহাট বাজারে নেয়ার পথে আটক করা হয়।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিকআপভর্তি সারসহ দুইজনকে আটক করে থানায় এনে রাখা হয়। পরে এ ঘটনায় রোববার সকালে উপজেলা সহকারী কৃষি অফিসার বাদী হয়ে কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। দুপুর ২টার দিকে ওই মামলায় দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।