সোমবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের আলতাব আলী, মফিজ উদ্দিন, কিসমত আলী ও জিন্নাত আলী। এছাড়া মামলার আট আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আহাম্মদ আলী ও সুজরু আলী নামে দুজনকে বেকসুর খালাস দেন বিচারক। এরই মধ্যে অপর দুই আসামির মৃত্যু হয়েছে।
.png)
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জিব সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ১৯৮৮ সালের ২১শে আগস্ট ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুরে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এলাকার মাতব্বর আব্দুল মালেককে। এ ঘটনায় নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে মামলা করলে তদন্ত কর্মকর্তা, ৮ জনের নামে আদালতে চার্জশিট দেয়। মামলার সাক্ষীদের রিকলের বিষয়ে ১৯৯৪ সালে হাইকোর্টে আপিল করে আসামিপক্ষ। এরপর থমকে যায় বিচার কাজ।
সেই রিভিশন শুনানি শেষ হতে কেটে যায় ১৮টি বছর। ২০১২ সালে রিভিশন নিষ্পত্তি হলেও, সেই অর্ডার কপি ময়মনসিংহ আদালতে রিসিভ করা হয় ২০১৫ সালে। এই দীর্ঘ সময়ে মারা গেছেন সোবহান ও সিদ্দিক নামে মামলার দুই আসামি।
দীর্ঘদিন পর রায় হলেও, ন্যায় বিচার নিশ্চিত হওয়ায় তাতে সন্তোষ প্রকাশ করেছে বাদী পক্ষ।