‘এ’ পজিটিভ রক্তের বদলে ‘বি’ পুশ, প্রাণ গেল প্রসূতির
গাজীপুরের কালীগঞ্জে ‘এ’ পজিটিভ রক্তের বদলে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করায় শিরিন বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন হাসপাতালের মালিক ও চিকিৎসক।
রোববার রাতে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার।
৩২ বছর বয়সী শিরিন কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী।
.png)
নিহতের স্বামীর বড় বোন হোসনে আরা বেগম জানান, রোববার সকালে শিরিনের প্রসবব্যথা ওঠে। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে সিজার করেন জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার মাসুদ। এ সময় পুত্রসন্তানের জন্ম দেন তার বোন।
দীর্ঘক্ষণ পর অপারেশনকক্ষ থেকে ডাক্তার জানান, প্রসূতির জরায়ু ফেটে প্রচুর রক্তপাত হচ্ছে। তার ‘বি’ পজিটিভ রক্ত প্রয়োজন। পরে তাকে ‘বি’ পজিটিভ রক্ত দেওয়া হয়। কিন্তু সুস্থ হচ্ছিলেন না। পরে আবার পরীক্ষা করা হয়। এরপর রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ বলে জানানো হয়। এ বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
‘এ’ পজিটিভ রক্ত দেওয়ার পরই শিরিনের অবস্থা খারাপ হতে থাকে। রাত ৮টার দিকে তাকে ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে রোগীর সাড়াশব্দ না পেয়ে উত্তরার একটি হাসপাতালে নেন স্বজনরা। সেখানে শিরিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নবজাতককে বাড়িতে নিয়ে যান স্বজনরা।
বিষয়টি জানতে সোমবার জনসেবা জেনারেল হাসপাতালে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। শুধু ফার্মেসি খোলা ছিল। জনসেবা হাসপাতালের ব্যবস্থাপক জহির উদ্দিন মুঠোফোনে বলেন, খারাপ অবস্থা থাকায় রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে। রোগী মারা গেছে কি না আমার জানা নেই।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম মনজুর-এ-এলাহী জানান, জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র মেয়াদোত্তীর্ণ। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।