মেহেরপুরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুরে বিএডিসি সার ডিলার মনিরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশি দামে ইউরিয়া ও টিএসপি সার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বামনপাড়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বামনপাড়ায় বিএডিসি সার ডিলার মেসার্স মনিরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। তাদের গোপন নথিপত্র চেক করে ১১০০ টাকার ইউরিয়া ১২৬০ টাকা ও ১১০০ টাকার টিএসপি সার ১৭৫০ টাকাসহ অন্যান্য সারও বেশি দামে বিক্রয়ের গোপন রশিদ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের হোটেল বাজারের বেশ কয়েকটি দোকানে চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয় এবং ক্রয় বিক্রির ভাউচার ও মূল্য তালিকা তদারকি করা হয়। ব্যবসায়ীদের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতি মুনাফার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও পুলিশ লাইনের একটি টিম।