শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। এর আগে, বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের পূর্ব ভবনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ছোরা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, দুইটি তালা ভাঙার কাটার ও শাবল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সাখাওয়াত হোসেন রনি, মো. সোহেল, শহিদুল ইসলাম, আল আমিন, মো. ইসমাইল ও সুজয় দে।
.png)
র্যাব জানায়, গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যরা গত ৬ এবং ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত। গ্রেফতারকৃত ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি এবং সোনারগাঁ থানায় অস্ত্রসহ ডাকাতি, সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি এবং সোনারগাঁ থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও একটি মাদক মামলা, মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও দুইটি ধর্ষণ এবং বিভিন্ন থানায় চারটি অস্ত্রসহ ডাকাতি মামলা, সুজন দের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি চুরি এবং মকছেদপুর থানায় একটি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে।
র্যাব আরো জানায়, আটককৃত ডাকাত দলের সর্দার সাখাওয়াত হোসেন রনি নিজেকে কাঁচপুর এলাকায় ‘বন্ধু ড্যান্স একাডেমি’ নামের একটি ডান্স গ্রুপের গ্র্যান্ড মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তিনি বিভিন্ন সময় বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ি টার্গেট করে ঐ বাড়ির লোকজনের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরবর্তীতে তার টার্গেট করা বাড়িগুলোতে পরিকল্পনা করে ডাকাতি করেন। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।