ভোলায় অভিনয় প্রশিক্ষণ কর্মশালা
‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় দুইদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ভোলা থিয়েটারের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা শেষ হয়। দুইদিন ব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী।
কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ এবং থিয়েটারের অর্ধশতাধিক অভিনয় শিল্পী অংশ নেন। সমাপনী দিনে আরো উপস্থিত ছিলেন- ভোলা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবিদুল আলম, নির্বাহী সদস্য অতুন করঞ্জাই, আনোয়ার পারভেজ প্রমুখ।
.png)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী বলেন, ভোলা থিয়েটারের উদ্যোগে অভিনয় প্রশিক্ষণ কর্মশালা এ জেলার নতুন অভিনয় শিল্পী তৈরি করতে ভূমিকা রাখবে। এ প্রশিক্ষণ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ভোলা থিয়েটারের নাট্যকর্মীদের অনেক কাজে লাগবে। এর মাধ্যমে অভিনয়ের মূল উপাদান সম্পর্কে জানতে পেরেছে প্রশিক্ষণার্থীরা।
ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক আবিদুল আলম বলেন, তৃণমূল পর্যায়ে মঞ্চ নাটক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার বিভিন্ন স্কুল, কলেজ ও থিয়েটারের নাট্যকর্মীদের নিয়ে অভিনয় প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগিতায় দুইদিন ব্যাপী এ অভিনয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।