ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবা পাচারের দায়ে দুই ভাইয়ের ১৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৫, ১ সেপ্টেম্বর ২০২২
ইয়াবা পাচারের দায়ে দুই ভাইয়ের ১৫ বছরের কারাদণ্ড
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে মাদক আইনের মামলায় দুই ভাইকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপের নুরুল আমিনের ছেলে মো. ওমর ফারুক (২৮) ও ফয়েজ উদ্দিন প্রকাশ ফয়েজ উল্লাহ।

Advertisement

রায় ঘোষণার সময় ওমর ফারুক আদালতে উপস্থিত থাকলেও পলাতক ছিলেন ফয়েজ উদ্দিন প্রকাশ ফয়েজ উল্লাহ।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসেন।

তিনি জানান, ২০১৭ সালের ২১ মে দুপুরে কক্সবাজারের টেকনাফের বেড়িবাঁধ সড়কের ওপর মোটরসাইকেল আরোহী ওমর ফারুক ও ফয়েজ উদ্দিনকে তল্লাশি করে বিজিবির একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯০৯ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা করেন বিজিবির সাবরাং বিওপির নায়েক মো. আজানুর রহমান। মামলাটি বিচারের জন্য ২০১৯ সালের ১৭ জুন চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, আসামিপক্ষে সাক্ষীদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষা যাচাই, যুক্তিতর্কসহ বিচারের সব প্রক্রিয়া সম্পন্ন করে বিচারক আবদুল্লাহ আল মামুন বুধবার মামলটির রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!