বাবার গালে স্ব-জোরে থাপ্পড় ছেলের, চাচাকে ছুরিকাঘাতে হত্যা
চাঁদপুরের কচুয়া উপজেলায় ভাতিজার চুরিকাঘাতে চাচা ওমর ফারুক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা হৃদরোগ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউপির সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে বিয়ে করেন। শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধর করায় তার বাবা নবীর হোসেন তাকে ডাক দেওয়ায় শরীফ তার বাবার গালে স্ব-জোরে থাপ্পড় মারেন। এতে তার বাবার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে শরীফের চাচা এগিয়ে এসে বাঁধা দিলে শরীফ তার চাচা ওমর ফারুককে তার হাতে থাকা চুরি দিয়ে আঘাত করে। এতে ফারুক গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এবং পরে ঢাকা হৃদরোগ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান।
.png)
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে ভাতিজার চুরিকাঘাতে চাচা নিহত হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকে আসামি শরীফ পলাতক রয়েছে।