রাজধানীর দক্ষিণখানে ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে তার বাবা শাহীন আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালত এ আদেশ দেন।
.png)
এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোছা. রেজিয়া খাতুন।
অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, বৃহস্পতিবার আসামি শাহীনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক।
ঐদিন সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় চিরকুট উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’
এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে মামলা করেন। এতে ঐ শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে।