ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২২
গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১
ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিলা পারভীন নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বকশীগঞ্জ সদর ইউনিয়নের জিগাতলা গ্রামের দিনদার হোসেনের ছেলে আসাদুল ইসলাম তার সাবেক স্ত্রী মাহমুদা বেগমকে তার বাড়িতে গাছের সাথে বেঁধে রেখেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এ অবস্থায় পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা মাহমুদা বেগমকে উদ্ধার করে। এ সময় পুলিশ গাছে বেঁধে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুল ইসলামের বড় ভাই আজাদ মিয়ার স্ত্রী শিলা পারভীনকে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ বছর আগে দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের মাহাজন মিয়ার মেয়ে মাহমুদা বেগমের সঙ্গে জিগাতলা গ্রামের দিনদার হোসেনের ছেলে আসাদুল ইসলামের বিয়ে হয়। কয়েক বছর পর আসাদুল ইসলাম জীবিকার তাগিদে ব্রুনাই চলে যান। আসাদুল ইসলাম প্রবাসের থাকার কারণে বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী মাহমুদা বেগমের সঙ্গে মনোমালিন্য হয়। তাদের ঘরে তিন বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। গত দুই মাস আগে ব্রুনাই থেকে আসাদুল ইসলাম দেশে ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে।

এ কারণে মাহমুদা বেগম তার বাবার বাড়িতে চলে যায়। এর মধ্যে, গত ২৩ আগস্ট আসাদুল ইসলাম তার স্ত্রীকে তালাক দেন। এ খবর পেয়ে সোমবার ১১টার দিকে আসাদুলের বাড়িতে চলে আসেন মাহমুদা বেগম। একপর্যায়ে আসাদুলের ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির লোকজনের সহযোগিতায় আসাদুল ইসলাম বাড়ির আঙিনায় একটি গাছে বেঁধে রাখেন মাহমুদা বেগমকে। পরে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু শরীফ জানান, গাছে বেঁধে রাখার বিষয়ে শিলা পারভীন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!