ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার মৃত্যু দেড় মাসও হয়নি, ট্রাকচাপায় প্রাণ গেল ছেলের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২২
বাবার মৃত্যু দেড় মাসও হয়নি, ট্রাকচাপায় প্রাণ গেল ছেলের
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার দেবিদ্বারে বাবার মৃত্যুর প্রায় দেড় মাসের মধ্যেই ট্রাকচাপায় প্রাণ গেল ফারুক মুন্সী নামের এক ভ্যানচালকের। 

মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ গোমতী ব্রিজের পাশে ভিংলাবাড়ী এলাকায় সামনে থাকা ট্রাক পেছনের দিকে চাপ দিলে চাকায় পিষ্ট হয়ে ফারুক নিহত হন। ফারুক মুন্সী উপজেলার বারুর গ্রামের মৃত মো. হোসেন মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মুন্সী সকাল ৯টার দিকে দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুলস্থ মদিনা বেকারি থেকে ভ্যানে মালামাল নিয়ে মিরপুর যাচ্ছিলেন। পথে কোম্পানীগঞ্জ ব্রিজের কাছে জ্যামে আটকা পড়ে। হঠাৎ ভ্যানের সামনে থাকা ট্রাকটি পেছনের দিকে চাপ দিলে ভ্যানচালক ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান।

Advertisement

মদিনা বেকারির স্বত্বাধিকারী মো. ইব্রাহীম মিয়ার ভাগিনা মো. আনোয়ার হোসেন জানান,  ৪-৫ বছর যাবত ফারুক মুন্সী আমাদের দোকানে কাজ করতেন। তিনি শতকরা ৭ টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে মালামাল বিক্রয় করতেন। এতে দৈনিক তার ৪-৫শ টাকা আয় হয়। মঙ্গলবার সকালে দোকান থেকে মালামাল নিয়ে মিরপুর মার্কেটে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন।
 
নিহতের ছোটভাই রাসেল মুন্সী জানান, তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর দেড় মাস আগে মারা যান। পরিবারের হাল ধরা বড় ভাইও আজ চলে গেলেন। এখন আমাদের গোটা পরিবারটিই অভিভাবকহীন, অন্ধকারে পড়ে গেছি।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল উদ্দিন জানান, লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে। মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!