নবজাতককে হাসপাতালে রেখেই চলে গেলেন মা
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতক ইউনিটে এক শিশুকে রেখে উধাও হয়ে গেছেন মা। শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
জানা যায়, বুধবার রিনি নামে এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। শিশুটি অসুস্থ থাকায় নবজাতক ইউনিটে নেয়া হয়। মা ও শিশু দুজন দুই ওয়ার্ডে থাকায় মায়ের অবস্থান সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে মায়ের খোঁজ করলে বিষয়টি জানাজানি হয়। পরে ওই শিশুর মাকে আর খুঁজে পাওয়া যায় নি।
.png)
নাম-প্রকাশ না করার শর্তে হাসপাতালের নবজাতক ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রিনি ভর্তির সময় তার গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউপির কবুরহাট এলাকা। স্বামীর নাম ওই ঠিকানায় দেওয়া হয়েছে মোমিন। ঠিকানাটি সঠিক নয় বলে জানতে পেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে রিনি এক প্রবাসীর স্ত্রী। তিনি লোক লজ্জার ভয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করে জানান,ওই শিশুটি এখন সুস্থ রয়েছে। তাকে হাসপাতালের ইস্কেনো ওয়ার্ডে রাখা হয়েছে। তবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারায় বিষয়টি দেখছেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।