গরম পানি ঢেলে স্বামীকে ঝলসে দিলেন শাবানা
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গরম পানি ঢেলে ঘুমন্ত অবস্থায় স্বামী মোস্তাফিজুর রিপনের শরীর ঝলসে দিয়েছেন স্ত্রী শাবানা।
রোববার সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ভোরে গাইবান্ধা শহরের সুখনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাড়িতে ঘুমাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান রিপন। ভোরে ঘুমন্ত রিপনের শরীরে স্ত্রী ফুটন্ত গরম পানি ঢেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার চিৎকারে মা দরজা খুলে দেখেন, রিপনের চোখসহ মাথার দিকের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। ঘটনার পর পালিয়েছেন স্ত্রী শাবানা। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
.png)
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর রহমান বলেন, রিপন নামে এক ব্যক্তি শরীর ঝলসানো অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। তার স্ত্রী শাবানা পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।