রাজবাড়ীতে অস্ত্রসহ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
রাজবাড়ী সদর উপজেলায় ব্যবসায়ী আরিফুল ইসলাম রকি হত্যায় মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলা চরখানখানাপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে সৌরভ আহম্মেদ শাওন ও কুষ্টিয়া জেলার সদর উপজেলার দহকুলা গ্রামের মজিবর রহমানের ছেলে মো. ইয়ামিন আলী।
সোমবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে দুইটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় রকির বাবা রাজ্জাক শেখ বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতার করে।
.png)
তিনি আরো বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত রকির সঙ্গে পাঁচ মাস আগে রাকিব ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ঐ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।