ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রকে যৌন হয়রানি, অধ্যক্ষসহ চার শিক্ষক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২২
ছাত্রকে যৌন হয়রানি, অধ্যক্ষসহ চার শিক্ষক গ্রেফতার
অভিযুক্ত শিক্ষক

গাজীপুরে ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষসহ চার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহানগরীর গাছা থানার ডেগেরচালা এলাকার মঈনুল ইসলাম হামীয়ুস সুন্নাহ মাদরাসায়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. আবু সায়েম নয়ন।

গ্রেফতাররা হলেন- মুন্সীগঞ্জ সদরের জাজিরা এলাকার মোবারক আলীর ছেলে মাদরাসার অধ্যক্ষ মো. ইসমাইল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার রাখাল বুরুজ এলাকার আব্দুল হামিদের ছেলে শিক্ষক আব্দুর রহমান ওরফে শান্ত ইসলাম, ময়মনসিংহ সদরের চরপাড়া এলাকার আজিজুল হকের ছেলে হাবিবুর রহমান ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমিরপুর এলাকার হারুন-অর-রশিদের ছেলে ফকরুল ইসলাম।

Advertisement

নির্যাতনের শিকার শিশুটির বাবার বরাত দিয়ে সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন জানান, ৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই শিশু ছাত্রকে যৌন হয়রানি করেন মাদরাসার আবাসিক শিক্ষক শান্ত ইসলাম। পরে ঘটনাটি তার বাবাকে জানায় ভুক্তভোগী শিশুটি। এ নিয়ে মাদরাসার অধ্যক্ষসহ দুই শিক্ষকের কাছে অভিযোগ দেন শিশুটির বাবা। মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকরা বিষয়টি সমাধান করবেন বলে শিশুটির বাবাকে আশ্বাস দেন। কিন্তু তারা কৌশলে কালক্ষেপণ করেন যেন যৌন হয়রানির আলামত নষ্ট হয়ে যায়। ১২ সেপ্টেম্বর শিশুটির বাবা ফের শিক্ষকদের কাছে যান। পরীক্ষা শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তারা।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, কোনো প্রতিকার না পেয়ে ঘটনাটি পুলিশকে জানান ভুক্তভোগীর বাবা। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে সোমবার বিকেলে আটক করতে যায় পুলিশ। এ সময় পুলিশের কাজে অসহযোগিতা ও বাধা দেন মাদরাসার অধ্যক্ষসহ অন্য দুই শিক্ষক।

ওসি আরো জানান, সোমবার মধ্যরাতে গাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা। পরে রাতেই অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার অধ্যক্ষসহ আরো দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!