যাকেই পাচ্ছে তাকেই কামড়াচ্ছে লাল ‘পাগলা কুকুর’
ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শহরের আরাপপুর ও সদর উপজেলার হলিধানী এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে আরাপপুর মাস্টারপাড়া, উকিলপাড়াসহ বিভিন্ন স্থানে একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। এলাকাবাসী তাড়া করলে কুকুর শহরের বাইরে চলে যায়। এছাড়া সদর উপজেলার হলিধানী এলাকায় কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরাপপুর এলাকার রহিমা খাতুন বলেন, ‘সকালে হাঁটতে বের হই। এ সময় একটি লাল রঙের কুকুর এসে কামড়াতে শুরু করে। আমাকে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে শুনি রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে।’
.png)
নাজমা নামে এক নারী বলেন, ‘ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতেই কুকুরটি কামড় দিয়ে পালিয়ে যায়। অনেক মানুষকে কামড়েছে। অনেককে কামড় দিয়ে গোশত ছিঁড়ে নিয়েছে। পরে লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।’
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার জানান, হাসপাতালে কুকুরের কামড়ে আহত রোগী এসেছিল। কয়েকজনকে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।