ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৯ সেপ্টেম্বর ২০২২
স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো

মাদারীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় প্রদান করেন। এ মামলার অভিযুক্ত পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল চন্দ্র পালের ছেলে গোবিন্দ চন্দ্র পাল তার স্ত্রী মীনালি রানী পালকে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনার পর গোবিন্দ চন্দ্র পাল পালিয়ে যান। পরে শিবচর থানার এসআই আব্বাস উদ্দিন বাদী হয়ে ১৯৯৭ সালের ৯ জানুয়ারি মিনালী রানীর স্বামী গোবিন্দ চন্দ্র পালকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মাদারীপুর গোয়েন্দা পুলিশের এসআই নাজমুল হক ভূইয়া তদন্ত করে একই বছরের ১ ফেব্রুয়ারি গোবিন্দ চন্দ্র পালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

Advertisement

মাদারীপুর আদালতের পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, শিবচরের চাঞ্চল্যকর এ মামলাটি দীর্ঘ ২৫ বছর ধরে আদালতে বিচারাধীন ছিল। বিচারাধীন সময়ে মামলাটিতে আদালত নয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন অভিযুক্ত গোবিন্দকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!