মঙ্গলবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর মারুফা আক্তার নামে এক নারী বরিশাল বিবিকিউ পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন নগরীর মেডিকেল কলেজ সড়কের শাহিন খলিফার ছেলে কাওছার খলিফা ও সিঅ্যান্ডবি ১ নম্বর পুলের বাসিন্দা কামাল হোসেনের ছেলে মাশরাফি হোসেন।
.png)
জানা গেছে, প্রেমিকার সঙ্গে কিংবা স্বজনদের সঙ্গে দর্শনীয় স্থানে বেড়াতে গেলে গোপনে ছবি তুলে রাখা হতো। সেই ছবিগুলো ‘বরিশাল বিবিকিউ’ ও ‘বিবিকিউ টিভি’ নামে দুটি ফেসবুক পেজ থেকে অশালীন ক্যাপশন জুড়ে দিয়ে পোস্ট করা হতো। পরে যাদের ছবি পোস্ট করা হতো, তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন অঙ্কের চাঁদা নিয়ে ডিলিট করে দেওয়া হতো ছবি।
ভুক্তভোগী এক নারীর দায়ের করা মামলায় সোমবার পেজটির দুই অ্যাডমিনকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত তারা পেজ দুটির অ্যাডমিন বলে স্বীকার করেছেন। তাদের সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। পুরো তদন্ত শেষ হলে বিষয়টি জানানো হবে।
নগরীর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ছগির হোসেন জানান, ভুক্তভোগী মারুফা বেগমের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও চাঁদাবাজি মামলায় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা পেজ দুটির অ্যাডমিন বলে স্বীকার করেন।