ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালাইয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২২
কালাইয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
নিহত যুবকের স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আতিকুর রহমান সাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

রোববার বিকেলে দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বালাইট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান সাকিব কালাই উপজেলার পুনট ইউনিয়নের মোহাইল গ্রামের আব্দুর রশীদ মন্ডলের ছেলে। এছাড়া আহতরা হলেন- একই ইউনিয়নের গোরনা-শান্তিনগর গ্রামের জামাল মন্ডলের ছেলে আব্দুল বারিক এবং উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামের মো. আইজুলের ছেলে ইমন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু আতিকুর রহমান সাকিব ও ইমন দুইটি মোটরসাইকেল নিয়ে বিকেলে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে রেস করছিলেন। তারা কালাই বাসস্ট্যান্ড থেকে নিশ্চন্তা বাজার পর্যন্ত গিয়ে পুনরায় কালাই বাসস্ট্যান্ডের দিকে ফিরছিলেন। পথে বালাইট মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মো. আব্দুল বারিকের মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেল দুইটির সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল চালকই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

Advertisement

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. রোকেয়া খানম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে জরুরি বিভাগে ভর্তি করা হলে কয়েক মিনিটের মধ্যেই আতিকুর রহমান সাকিবের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত ব্যক্তি আব্দুল বারিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কালাই থানার ওসি এসএম ময়নুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!