ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১ অক্টোবর ২০২২
ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
এসএসসি পরীক্ষার্থী আলমাস উদ্দিন-ফাইল ফটো

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী আলমাস উদ্দিনের পর জহিরুল ইসলাম হৃদয়কেও বাঁচানো গেল না। শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হৃদয় ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তিনি লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

এর আগে রোববার উপজেলার ফাজিলপুর কাদরী হাই স্কুল কেন্দ্রে কৃষি বিষয়ে পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে মহাসড়কের আলীনগর এলাকায় বাসের ধাক্কায় ৩ পরীক্ষার্থীসহ ৫ জন গুরুতর আহত হয়।

Advertisement

আহত তিনজন পরীক্ষার্থী হলো- আলমাস উদ্দিন (১৬), আবদুল্লাহ আল মামুন (১৬), জহিরুল ইসলাম হৃদয় (১৭), আহত শিক্ষার্থী আলমাসের মা হাসিনা আক্তার (৫০), অটোরিকশা চালক আনোয়ার হোসেন (২০)। 

তাদেরকে প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি ও পরে উন্নত চিকিৎসার জন্য অটোরিকশা চালক ছাড়া অপর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত হৃদয়ের মামা দিদারুল আলম জানান, গত ২৫ সেপ্টেম্বর মহাসড়কের আলী নগরে আহত হওয়ার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল হৃদয়। শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। শনিবার বাদ জোহর লেমুয়া ইউনিয়নের নিজ বাড়ির দরজায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, মহাসড়কে রোববারের দুর্ঘটনায় শাহী বাসের চালককে আসামি করে মামলা হয়েছে। আহতদের মাঝে মঙ্গলবার রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমাস নামে এক শিক্ষার্থী মারা যান। শুক্রবার রাতে আহত অপর শিক্ষার্থী হৃদয়ও মারা গেছে বলে স্বজনরা জানিয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!