ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ৩ অক্টোবর ২০২২
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
আদালতের রায়: প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী সালাউদ্দিন সেলিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

আদালত সূত্র ও মামলার নথিপত্র থেকে জানা গেছে, বিভিন্ন সময় স্ত্রী বিবি খাদিজা আক্তার রুবির পরিবারের কাছে ৩ লাখ টাকা দাবি করেন যৌতুকলোভী স্বামী সালাউদ্দিন সেলিম। দাবিকৃত টাকা না পাওয়ায় ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রুবির ভাই সাইফুল ইসলাম সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা করেন।

Advertisement

সূত্র আরো জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার তৎকালীন এসআই শ্রীবাস চন্দ্র দাস ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ১১ সেপ্টেম্বর চার্জ গঠনের পর বিচারকাজ শুরু হয়।

সোমবার ফেনীর নারী ও শিশু বিচারক মোহাম্মদ ওসমান হায়দার মামলার আসামি সেলিমকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার রায় দেন। এ সময় আদালত গৃহবধূর শ্বশুর মো. সোলেমান, ননদ সুলতানা আক্তার পলিকে খালাস দেয়। 

উল্লেখ্য, রবি-সেলিম দম্পতির রিফাত হোসেন রাহিম হৃদয় নামে ছেলে সন্তান রয়েছে। মৃত্যুকালে গৃহবধূ ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পিপি হাফেজ আহম্মদ জানান, ঘটনার পর থেকে আসামি সেলিম পলাতক। তাকে গ্রেফতারের পর এ রায় কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!