ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় দুই বাসের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

বগুড়া প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৪২, ৪ অক্টোবর ২০২২
বগুড়ায় দুই বাসের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫
দুর্ঘটনাকবলিত বাস- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের মধ্যে দুইজন বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজন একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক বগুড়ার শেরপুর উপজেলার সড়ো গ্রামের জামাল হোসেনের ছেলে। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে ওমর ফারুকের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা দুইজনের মধ্যে আনোয়ার হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা আর কে ট্রাভেলস নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এ খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে ঐ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একইসঙ্গে আর কে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের চালকসহ ছয়জন আহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যান।

Advertisement

শাজাহানপুর থানার এসআই আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই আহত ছয়জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক নামে একজন মারা গেছেন। এছাড়া আনোয়ার নামে একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!