মহাসড়কে পুলিশি অভিযানে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ৬
বগুড়ার শিবগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি গাঁজা ও ৬৪ বোতল ফেনসিডিলসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওই উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় পৃথক অভিযান অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানান শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আসিফ ইকবাল।
গ্রেফতাররা হলেন- নড়াইল সদর উপজেলার পাখিমারা এলাকার ২৪ বছরের রমজান মোল্লা, খুলনার তেরোখাদা উপজেলার ছাচিয়াদহ এলাকার ২২ বছরের জীবন বিশ্বাস, কুড়িগ্রামের ফুরবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের ২৪ বছরের হাফিজার রহমান। এ তিনজনের কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আর ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি গ্রামের ২২ বছরের শাহজাহান ও একই গ্রামের ২১ বছরের মামুনের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
.png)
এছাড়াও আরেক অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ ১৯ বছরের আবুল খায়ের নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বাসিন্দা। গ্রেফতার সবাই বাসযাত্রী ছিলেন। পৃথক তিন অভিযানে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা-ফেনসিডিলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।