নির্যাতনে অতিষ্ঠ হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামীর নির্যাতন সইতে না পেরে সাত মাসের অন্তঃসত্ত্বা রুমি আক্তার (২২) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী মনির হোসেনকে আটক করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মালাপাড়া ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রুমি আক্তার পশ্চিম চন্ডিপুর সরকার বাড়ি এলাকার মতিউর রহমান সরকারের ছেলে মনির হোসেনের স্ত্রী ও পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার জগৎপুর (মধ্যপাড়া) এলাকার অদু মিয়ার মেয়ে।
.png)
রুমির মা পারুল আক্তার জানান, গত তিন বছর পূর্বে মনির হোসেনের সঙ্গে বিয়ে হয় রুমি আক্তারের। বিয়ের পর থেকেই মনির হোসেন তার পরকীয়ার সম্পর্কের কারণে আমার মেয়ে রুমি আক্তারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। এ নিয়ে পূর্বে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হয়েছে। এরপরও মনির হোসেন তার পরকীয়া সম্পর্ক থেকে বের হয়ে আসেননি। বরং তিনি বিভিন্নভাবে আমার মেয়ের ওপর নির্যাতন বাড়িয়ে দেন।
ঘটনার দিন দুপুরে মনির হোসেনের নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে সবার অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। এ সময় তার পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুমি মারা যায়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, আমরা খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, বিয়ের পর থেকেই তার স্বামী মনির হোসেন তাকে প্রায় সময়ই নির্যাতন করতেন বলে জানিয়েছে রুমির পরিবার। এ ঘটনায় মনির হোসেনকে আটক করা হয়েছে।