ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মীরসরাইয়ে ড্রেজারডুবি: আরো ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ২৬ অক্টোবর ২০২২
মীরসরাইয়ে ড্রেজারডুবি: আরো ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ আরো তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হলো।

বুধবার সকালে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তারা হলেন- পটুয়াখালীর সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আবদুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারির ছেলে জাহিদ বারি। 

এর আগে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া মরদেহটি ছিল একই এলাকার ফকির বাড়ির ফকির রহমানের ছেলে আল আমিন ফকির।

Advertisement

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, বুধবার সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে একজনের মরদেহ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হয়। এরই মধ্যে আরো তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারে অভিযান চলছে।

সোমবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারটি ডুবি যায়। এতে ড্রেজারে থাকা আট শ্রমিক নিখোঁজ হন। চারজনের মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন- মো. তারেক মোল্লা, শাহীন মোল্লা, বসার হাওলাদার ও আলম সরদার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!