৫৪ বছর বয়সী সাদেক আলী ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার খর্দ্দ ধোপাদী গ্রামে মহর আলী বিশ্বাসের ছেলে।
জানা যায়, নিখোঁজের পর থেকেই মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউপির মাঝিবাড়ি এলাকায় খাদিজা বেগম নামে এক দরিদ্র বিধবা নারীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ওঠেন সাদেক আলী। খাদিজা বেগম সেখানে তার খাওয়া পরার ব্যবস্থা করেন। মানসিক সমস্যার কারণে ২০ বছর আগে ৩৪ বছর বয়সে সাদেক আলী পরিবার থেকে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি তার মা ও ভাইয়েরা।
.png)
কালিগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম ঘটনাটি জানতেন। সম্প্রতি তিনি মোরেলগঞ্জ থানায় বদলি হয়ে গেলে সেখানে মাঝিবাড়ি এলাকায় সাদেক আলীকে ঘোরাফেরা করতে দেখেন। ওই সময় এসআই নুরুল ইসলাম সাদেক আলীল ছবি তুলে কালিগঞ্জের এক সাংবাদিকের মাধ্যমে পরিবারকে জানান। ছবি দেখে সাদেক আলীর ভাই চিনতে পারেন।
শনিবার পুলিশের মাধ্যমে সাদেক আলীকে তার পরিবারের কাছে হস্তান্তরের সময় কান্নায় ভেঙে পড়েন হতদরিদ্র বিধবা খাদিজা বেগম। সাদেক আলীও যেতে রাজি ছিলেন না। থানার ওসি মো. সাইদুর রহমান, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ও এসআই নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।