সিংগাইরে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে মাহমুদা নাহার মিতু নামের এক নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার ধল্লা ইউপির গাজিন্দা (বাস্তা) গ্রামের ভাড়া বাসা হানিফের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত-মাহমুদা নাহার মিতু জামালপুর জেলার ইসলামপুর থানার বেনুয়ারচর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
জানা যায়, কনস্টেবল মিতু ঢাকা জেলায় কাউন্টার টেররিজম পূর্বাচল পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সেখানে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ৩ মাস যাবৎ সিংগাইর উপজেলার গাজিন্দা (বাস্তা) গ্রামে হানিফের বাড়িতে বাসা ভাড়া নিয়ে একা বসবাস করে আসছিলেন ।
.png)
শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মাহমুদা। রোববার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় স্থানীয়রা তাকে ডাকাডাকি করতে থাকে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে কিটনাশক(বিষ) খাওয়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি মুহূর্তে জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে পাঠায়।
সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।