ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় কানুরামপুর-মধুপুর সড়কের কতুবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা মো. রতন মিয়া জানান, তার চাচা বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি।
পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।