রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া আইডি খুলে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। এছাড়াও তাদের পাঁচ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন আদালত। অনাদায়ে আরো দেড় বছরের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েত উল্লাহপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী ও অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী
.png)
রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২১ সালের ১ আগস্ট অন্য এক ব্যক্তির নাম-ঠিকানা ব্যবহার করে ফেসবুকে ভুয়া একটি আইডি খোলেন আসামি রাজী ও নাসিম। সেখানে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয় তারা। পরে এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের হলে পুলিশি তদন্তে সত্য ঘটনা বেরিয়ে আসে এবং ভুয়া আইডি ব্যবহার করে সহিংসতা সৃষ্টির দায়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো জানান, পরবর্তীতে এ ঘটনায় মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপরই আদালতে বিচার কাজ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।