ক্যারাম খেলা নিয়ে বিতণ্ডা, ছুরি মেরে যুবকের প্রাণ নিলেন চা দোকানি
পাবনায় ক্যারাম খেলা নিয়ে চা দোকানির ছুরিকাঘাতে হাসিব হোসেন নামে ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুরে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত হাসিব একই উপজেলার ছোট মনোহরপুর গ্রামের এজাহার প্রামাণিকের ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন।
হাসিবের বন্ধু প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, আমি, হাসিব, সাজ্জুলসহ চারজন মিলে কাশিনাথপুরে স্বাধীন সরদারের চায়ের দোকানে ক্যারাম খেলছিলাম। এ সময় খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে আমাকে গালিগালাজ করে দোকানদার স্বাধীন। একপর্যায়ে লাঠি দিয়ে আমাকে মারধর করেন তিনি।
.png)
প্রতিবাদ করায় হাসিবকেও লাঠি দিয়ে মারধর করেন স্বাধীন ও তার চাচা রাজা সরদার। একপর্যায়ে দোকান থেকে ছুরি নিয়ে হাসিবের পিঠে আঘাত করেন স্বাধীন। পরে স্থানীয়রা হাসিবকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।