বুধবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির হোসেন উপজেলা বাউসা ইউনিয়নের হায়দার আলীর ছেলে ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বাঘা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, সাব্বির রোববার স্কুল ছুটির পর বিকেল ৪টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১১টায় সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
.png)
সোমবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরদী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি উদ্ধার করা হয়। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মুন্সিপুর আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, নিখোঁজের মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন লিপিবদ্ধ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ছিনতাইয়ের কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। কারণ তার ভ্যানের ব্যাটারি চুরি গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না।