ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুকুরে বিষ ঢেলে লাখ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ৪ নভেম্বর ২০২২
পুকুরে বিষ ঢেলে লাখ টাকার মাছ নিধন
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে মফিজ সর্দার নামে এক কৃষকের পুকুরে বিষ ঢেলে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে তেওয়ারিগঞ্জ ইউনিয়নের মফিজ সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে ওই ভুক্তভোগী জাতীয় আইন সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তরা হলেন- একই বাড়ির মাকসুদ, ইউসুফ, বাসার ও আব্দুল আলি।

ভুক্তভোগী মফিজ সর্দার জানান, বাড়ির পুকুর ও সরকারি অনাবাদি খালে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন তিনি। পুকুর ও খালে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি জমি সংক্রান্ত বিষয়ে একই বাড়ির মাকসুদ, ইউসুফ, বাসার ও আব্দুল আলির সঙ্গে তার বিরোধ চলে আসছিলো। বুধবার রাতে পুকুর পাড়ে তাদেরকে বিষের বোতল নিয়ে ঘোরাফেরা করতে দেখতে পান।

আক্ষেপ করে মফিজ জানান, তারা পুকুরে বিষ দেবেন এটি তিনি ভাবতেও পারেননি। সকালে উঠে দেখেন পুঁটি, কইসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!