জানা যায়, উপজেলার সোহাগী ইউপির জিগাতলা গ্রামের মৃত হাসেন আলী চকিদারের ছেলে মুসা মিয়া শুক্রবার রাতে বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে আসে। এদিকে বিয়ে বাড়িতে নতুন বউ আনার পর উচ্চস্বরে গানের সাউন্ড বক্স বাজাচ্ছিল। বিষয়টি নিয়ে প্রতিবেশিরা একটু আস্তে বাজানোর কথা বলেন মুসাকে।
প্রতিবেশিদের কথা শুনে মুসা সাউন্ড বক্সের আওয়াজ কমিয়ে দেন। পরে রাত সাড়ে দশটায় দিকে পুনরায় গান বাজানো শুরু হলে কে বা কাহারা বাড়িতে ইটের ঢিল নিক্ষেপ করতে থাকে। আর সেই ইটের একটি টুকরা বাড়ির উঠানে থাকা মুসা মিয়ার চাচি আনেছা খাতুনের মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহতের ছেলে পাঞ্জু মিয়া জানান, মা মারা গেছে এমন খবর পেয়ে ঢাকা থেকে শনিবার সকালে আসছি। কে বা কারা এমন কাণ্ড করেছে এ বিষয়ে এখনো বিস্তারিত বলতে পারছি না। তবে এমন কাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি জানান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।