ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় ছুরি ঠেকিয়ে বসত ঘরে ডাকাতি

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ৫ নভেম্বর ২০২২
গলায় ছুরি ঠেকিয়ে বসত ঘরে ডাকাতি
মনপুরায় বসত ঘরে ডাকাতিকালে ডাকাতদের তাণ্ডবের চিহ্ন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরায় রাতের আঁধারে এক বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় হাজির হাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী জসিম স্বর্ণকারের বসত বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাতরা ঘরের টিনের বেড়া কেটে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে জসিম স্বর্ণকারের স্ত্রীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ১ ভরি ওজনের সোনার চেইন, কানের দুল ও  পার্শ্ববর্তী বিরোধীয় জমির দলিলপত্র লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলার হাজীর হাট ইউপির চর যতিন গ্রামের ২ নম্বর ওয়ার্ডের জসিম স্বর্ণকারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

Advertisement

জসিম স্বর্ণকারের স্ত্রী জানান, ব্যবসায়িক কাজে আমার স্বামী ঢাকায় রয়েছেন। গত রাতে দুই বাচ্চাসহ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। রাত ৩ টার দিকে ঘরের দরজা খোলার শব্দে ঘুম ভাঙে। চিৎকার দিলে আমার গলায় ছুরি চেপে ধরে ডাকাতরা। স্বজোরে চিৎকার করলে আমার গলা কেটে মেরে ফেলার হুমকি দেয় তারা। এ সময় তারা আমার গলা থেকে সোনার চেইন ছিঁড়ে ও কান থেকে দুল খুলে নিয়ে যায়। ঘরে থাকা এক লাখ টাকা ও বাড়ির দলিল পত্র লুট করে নিয়ে যায়। পরে আমার ডাকচিৎকারে পাশের ঘরে থাকা শ্বশুর-শাশুড়ি ছুটে আসলে ২-৩ জনের ডাকাত দল ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। ডাকাতদের সবার মুখ ঢাকা থাকায় অন্ধকারে কাউকে চেনা যায়নি বলে জানিয়েছেন এই গৃহকর্তী। 

ঘটনার পর রাতেই মুঠোফোনে মনপুরা থানায় অভিযোগ জানানো হয়েছে। সকালে মনপুরা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ ব্যাপারে মনপুরায় জিডি করবেন বলে জানিয়েছেন স্বর্ণকার জসিমের স্ত্রী।

মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বলেন, বাড়ি ডাকাতির ঘটনা শুনেছি। থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!