স্ত্রীকে গলা কেটে-পুড়িয়ে হত্যার দায় স্বীকার রনির
নড়াইল সদর উপজেলায় স্ত্রীকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন নিহত আছিয়ার স্বামী রনি শেখ ও তার বন্ধু আব্বাস ফকির।
শনিবার রাত ৮টার দিকে নড়াইলের আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে জবানবন্দী দেন তারা। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে আসামি করে ৫ নভেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন তার মা রেবেকা বেগম।
এর আগে শনিবার ভোরে আছিয়ার স্বামী রনি শেখকে কালিয়া থেকে এবং তার বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করে। এছাড়া ঘটনার পর রনির বাবা লিটু শেখ, তার দুই ভাই ইমরান শেখ ও রুবেল শেখকে গ্রেফতার করে পুলিশ।
.png)
মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান জানান, আসামি রনি ও আব্বাস আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকায় তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। শুক্রবার দুপুরে রনির বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে তারা এসে আগুন নেভায়। এরপর বিছানায় পাওয়া যায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ।
নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, আছিয়ার স্বামীসহ মামলার পাঁচজনকে ঘটনার পনের ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।